খোঁজখবর

কার্পেট

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ১৭:৪২
ঘরকে একটু নান্দনিকভাবে সাজাতে কার্পেট ব্যবহার ভালো একটি মাধ্যম হতে পারে। আর এরই মধ্যে শীতকাল যেহেতু প্রায় আসি আসি করছে তাই ঘরে কার্পেট ব্যবহারের জুড়ি নেই। এতে যেমন ঘরের সৌন্দর্যও বাড়ে তেমনি শীতকালে একটু আরাম পাওয়া যাবে। তবে জানা চাই কেমন কার্পেট প্রয়োজন আপনার ঘরের জন্য, সেই সাথে যত্নেরও প্রয়োজন রয়েছে। আর এসব নিয়েই আমাদের আজকের আয়োজন  বাজারে সুতি কার্পেট পাওয়া যায়। সুতি কার্পেট আকারে পাতলা হওয়ায় বহন এবং ব্যবহারে আরামদায়ক। কিন্তু সুতি কার্পেট গরমের সময়ের জন্য বেশি উপযোগী। তবে শীতকালে অনেকেই বসার এবং শোবার ঘর দুই জায়গায় কার্পেট ব্যাবহার করে থাকে। সেক্ষেত্রে বসার ঘরে এই সুতি কার্পেট ব্যাবহার করা যেতে পারে। এতে পরিষ্কার করতে সুবিধা হবে।  এ ছাড়া কেউ যদি শীতে আরামের পাশাপাশি টেকসই কার্পেট চায় তাহলে উলের কার্পেট বেশি উপযোগী হবে তাদের জন্য। আর যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য উলের কার্পেট ভালো হবে।  শীতকালে কেউ যদি বাড়ির বয়স্ক লোকের ঘরের জন্য কার্পেট কেনার চিন্তায় থাকেন। তাহলে তাদের জন্য স্লিপ রেসিনেটেন্স কার্পেট উপযোগী হবে। এসব কার্পেট সহজে পিছল হয় না। এ ছাড়াও কার্পেটের তলায় প্যাডিং বা লাইনিং লাগিয়ে নিলে বয়স্কদের জন্য বেশ উপযোগী হবে।  এ ছাড়া বাজারে ফ্লোর কাভারিং কার্পেট পাওয়া যায়। এ ধরনের কার্পেট ব্যবহারে ড্যাম্প লাগার সম্ভাবনা কম থাকে। এ তো গেল কার্পেটের নানা রকম কিন্তু আপনার সাধের কেনা কার্পেটের যত্ন নেওয়ার উপায় জানা না থাকলে তা সহজেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এর উপায়গুলোও জানা থাকলে ভালো হয়। তাই এই উপায়গুলোর উপর একটু চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে।  কার্পেট এক দিন পর পর ভ্যাকুয়াম ক্লিন করা যেতে পারে।  এ ছাড়া বাড়িতেই কার্পেট পরিষ্কার করার উপাদান তৈরি করা যায়। হোয়াইট ভিনিগার, বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে তা কার্পেটের কোনো দাগ লেগে থাকা জায়গায় লাগানো যায়। এরপর শুকিয়ে গেলে ভ্যাকুয়াম ক্লিন দিয়ে পরিষ্কার করলে দাগ উঠে যাবে।  এ ছাড়া যদি কার্পেট উঠিয়ে রাখা হয় তাহলে তা ভালো এবং শুষ্ক জায়গায় রাখতে হবে ।