ইত্তেফাক রিপোর্ট
উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে নতুন নিরাপত্তা সুতা ( ক্রোকোডাইল পাটার্ন রোলিং স্টার থ্রেড) সংযোজন করে নতুন নোট কাল থেকে বাজারে আসছে। তবে নতুন এ নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন একই থাকছে। গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৬০ মিমি ৭০ মিমি পরিমাপের ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক ইতোমধ্যে নোট মুদ্রণ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, আগামীকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। নতুন নিরাপত্তা সুতাটি ইতিপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নততর এবং এর কারিগরি প্রযুক্তিও নতুন যা জাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
প্রচলনে দেওয়া নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটসমূহ (শহীদ মিনার ও কার্জন হলের ছবি সম্বলিত হালকা লাল রঙয়ের নোট এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত হালকা বেগুনি রঙয়ের নোট) বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপত্ চালু থাকবে।
