রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল প্রকল্পের বড়কাউ ও পাড়াবার্থা মৌজার কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একইসঙ্গে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রুল নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট পক্ষদের নির্দেশ দেয়া হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন রাজউক কর্তৃপক্ষ চলতি বছর পূর্বাচল প্রকল্পের কার্যক্রম শুরু করে। তবে ওই দুটি মৌজার ক্ষেত্রে পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন ছাড়া কার্যক্রম অব্যাহত রাখায় আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ সাতটি বেসরকারি সংস্থা রিট করে।
গত ১ আগস্ট হাইকোর্ট ওই দুটি মৌজার ভূমি উন্নয়ন কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। একইসঙ্গে ওই প্রকল্পের কার্যক্রম জনস্বার্থ বিরোধী কেন হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত। পরে এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে। পরে চেম্বার বিচারপতির এই আদেশ স্থগিত করার আবেদন জানায় রিট আবেদনকারীরা। চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
গতকাল এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। আদালতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ইকবাল কবির লিটন শুনানি করেন।
