পদ্মার অবৈধ বালুমহালে অভিযান, কোটি টাকার সরঞ্জাম জব্দ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:৫৬
অবশেষে রাজশাহীর পবা উপজেলায় পদ্মার নবগঙ্গা ও সোনাইকান্দির অবৈধ বালুমহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত আদালত সেখান থেকে প্রায় কোটি টাকা মূল্যের সরঞ্জাম জব্দ করেছে। এসময় বালু উত্তোলনকারী চারজনকে জেল-জরিমানা দেয়া হয়। গত ২৪ নভেম্বর দৈনিক ইত্তেফাকে ‘পদ্মায় বালু উত্তোলন চলছেই, ঝুঁকিতে বাম তীর’ শীর্ষক শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে স্থানীয় প্রশাসনের টনক নড়ে। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম জানান, নবগঙ্গায় বালু উত্তোলনকারীরা আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় আদালত বালু উত্তোলনে ব্যবহূত তিনটি ড্রেজার মেশিন, ইঞ্জিনচালিত দুটি নৌকা, দুই ট্রাক লোহার পাইপ জব্দ ও তিনটি ট্রাক বাজেয়াপ্ত করেছে। এছাড়া বালু উত্তোলন কাজে জড়িত আলেক উদ্দিন (৫০), জহির উদ্দিন (৪৮) ও হোসেন আলীকে (৩৫) আটক করা হয়। আদালতে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করে। একই সঙ্গে ড্রেজারের চালক এরশাদ আলীকে (২৭) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।