জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। যুবলীগ-ছাত্রলীগের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। কেউ এখন আর নৌকায় ভোট দেবে না। এ কারণে জাপা আগামী নির্বাচনে জয়লাভে আশাবাদী। বিএনপি হরতালের নামে মানুষ পুড়িয়ে বিতর্কিত হয়েছে, এ কারণে দলটির সঙ্গে জাপার আর কখনও জোট হবে না। জাপা পৃথকভাবে জোট গঠন করে নির্বাচন করবে। এরশাদ গতকাল তার বনানী কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিক্রির ষষ্ঠদিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সংসদ নির্বাচন উপলক্ষে জাপার মনোনয়ন ফরম বিক্রি গতকাল সোমবার শেষ হওয়ার কথা ছিল। তবে তা একদিন বাড়িয়ে আজও বিক্রি করা হবে।
এরশাদ বলেন, সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হতে হবে। এরশাদ বলেন, আগামী নির্বাচনে আমরা হেফাজতে ইসলামকে পাশে পাবো বলে আশা করছি। তারা আওয়ামী লীগ বিরোধী। হেফাজতের নেতারা আমাকে দোয়া করেছেন। নেতারা বলেছেন, আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করি, তাহলে আমাকে সমর্থন দেবেন।
কাজী জাফরের অবস্থার উন্নতি
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন জাপার প্র্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল সকালে সিনিয়র বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিত্সকরা অভিমত দেন যে, তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।
