ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল ১০ ঘণ্টা বন্ধ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:১২
আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে গতকাল সোমবার সকাল সোয়া আটটার দিকে একটি কন্টেইনার ট্রেনের ৫টি ট্রলি লাইচ্যুত হয়। এতে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বেলা ৫টা পর্যন্ত দুর্ঘটনায় পড়া ট্রলি উদ্ধার করে। দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথের একাধিক আন্তঃনগর ও মেইল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে দুর্ভোগ পোহান সাধারণ যাত্রীরা। ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) জাকির হোসেনকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী ৮০৬ কন্টেইনার ট্রেনটি সকাল সোয়া আটকার দিকে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে ঢোকার সময় পিছনের ৫টি ট্রলি লাইনচ্যুত হয়। এই ঘটনায় প্রায় ১০০ মিটার রেললাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বেলা এগারটার দিকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘সুর্বণা’ ও ‘মহানগর প্রভাতী’ ট্রেন দুটি কুমিল্লায়, চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী’ ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট থেকে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ আখাউড়া স্টেশনে আটকা পরে। সন্ধ্যা ৬টার পর ট্রেন চলাচল স্বাভাবিক। তদন্ত কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেন বলেন, এখনই দুর্ঘটনার কারণ বিষয়ে কিছু বলা যাচ্ছে না তদন্ত চলছে।