সংক্ষিপ্ত সময় দিয়ে নির্বাচনী তফসিল

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:১৬
সংক্ষিপ্ত সময় দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন। গতকাল ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট হওয়ায় নির্বাচনী সময় নির্ধারিত হয়েছে মাত্র ৪২ দিন। আর প্রচারণার জন্য প্রার্থীরা সময় পাবেন ২১ দিন। প্রথম সংসদ নির্বাচনে নির্বাচনকাল ছিল ৬০ দিন। আর সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনে এ সময় ছিল ৫৭ দিন। নির্বাচনকাল কমানোর পাশাপাশি ভোটকেন্দ্রের সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ওই বছরের ৭ জানুয়ারি। এতে ১৪টি দল অংশ নেয়। তফসিল ঘোষণার পর নির্বাচনের সময় ছিল ৬০ দিন। ১৯৭৮ সালের ২ ডিসেম্বর দ্বিতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ভোটের তারিখ দেয়া হয় ১৯৭৯ সালের ২৭ জানুয়ারি। পুনঃতফসিলের পর ভোট হয় ২৮ ফেব্রুয়ারি। ২৯টি দল এতে অংশ নেয়। এতে সময় ছিল ৫৪ দিন। ১৯৮৬ সালের ২ মার্চ তৃতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয় ৪৭ দিন সময় রেখে। নির্বাচন হয় ৭ মে। এতে ২৮টি দল অংশ নিয়েছিল। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনের বিস্তারিত তথ্য কমিশনে নেই। এতে মাত্র ৮টি দল অংশ নেয়। ১৯৯০ সালের ১৫ ডিসেম্বর পঞ্চম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ভোট হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। এ নির্বাচনে ৭৮ দিন সময় নেয়া হয়েছিল। এতে ৭৫টি দল অংশ নেয়। ষষ্ঠ সংসদ অর্থাত্ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তফসিল দিয়ে তিনবার পরিবর্তন করতে হয়। ১৯৯৫ সালের ৩ ডিসেম্বরের তফসিলে ৪৭ দিন সময় রেখে ভোটের তারিখ রাখা হয় ১৮ জানুয়ারি। এরপর শেষ পর্যন্ত ১৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হয়। এতে ৪১টি দল অংশ নেয়। সপ্তম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১৯৯৬ সালের ২৭ এপ্রিল। এতে ৪৭ দিন সময় দেয়া হয়। ১২ জুনের ওই নির্বাচনে ৮১টি দল অংশ নিয়েছিল। আর অষ্টম সংসদ নির্বাচনে ৪২ দিন সময় নেয়া হয়েছিল। ২০০১ সালের ১৯ আগস্ট তফসিল ঘোষণা দিয়ে ১ অক্টোবর ভোট গ্রহণ করে কমিশন। এতে মোট ৫৪টি দল অংশ নেয়। আর সর্বশেষ অর্থাত্ নবম সংসদ নির্বাচনে হয়েছিল ৪৭ দিনে। ২০০৮ সালের ২ নভেম্বর ঘোষিত তফসিলে ১৮ ডিসেম্বর ভোটের তারিখ রাখা হয়। পরে তিন দফা তারিখ পরিবর্তন করে ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ করা হয়।