বাসাইলে যৌতুকের দাবিতে গৃহবধূ সৌরভী আক্তার ও তার পরিবারকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে গত শনিবার জুতা ও ঝাড়ু মিছিল হয়। পরে তারা বাসষ্ট্যান্ডে আধা ঘন্টা রাস্তা অবরোধ করে।
৬ বছরের দাম্পত্য জীবনে সৌরভী ও রিবনের একটি কন্যা শিশু রয়েছে। রিবনের দুই লাখ টাকা যৌতুক দাবীর বিষয়টি সমাধানের জন্য বাসাইল পৌর মেয়র মজিবর রহমানের কাছে বিচারের দায়িত্ব দিলে গত ২৩ ফেব্রুয়ারি তিনি রিবনের বাড়িতে যান। তিনি চলে আসার পরই সৌরভীকে ডেকে নিয়ে স্বামী রিবন, দেবর সিজন ও শাশুড়ী মিলে ধারালো অস্ত্র্ত্র দিয়ে কুপায়।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাহ উদ্দিন মিয়া বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সৌরভীর শ্বাশুড়ী রাজিয়া আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। ৩ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে জোরপ্রচেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনার পর থেকে স্বামী রিবন ও দেবর সিজন পলাতক রয়েছে।
এদিকে মিছিল শেষে এলাকাবাসীর পক্ষে স্থানীয় কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল ঘোষণা দেন অভিযুক্ত পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হবে।
