জেলায় চিত্রা পাড়ে জমে উঠেছে সুলতান মেলা। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ দিনব্যাপী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলা শুরু হয়। মেলা প্রাঙ্গণে শতাধিক স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। এছাড়া মেলা চত্বরে নাগোরদোলাসহ শিশুদের বিনোদনমূলক বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঘোড়ার গাড়ির দৌড়, হা-ডু-ডু, কাবাডি, হ্যান্ডবল, দাঁড়িয়াবান্দা, ডাংগুলি, এক্কাদোক্কা, মোরগ লড়াই, বৌচি, দড়িলাফ, কুস্তি, ষাঁড়ের লড়াই, লাঠিখেলা, ভলিবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, নাটক, জারি ও কবিগানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে স্থানীয় শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনী। এছাড়া প্রতিদিন বিকালে শিল্পী সুলতানের জীবন ও কর্মের ওপর অনুষ্ঠিত হচ্ছে সেমিনার।
মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এবার চিত্রশিল্পী সুলতান স্বর্ণ পদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক অধ্যাপক মনসুর-উল করিম। মেলার সমাপনী দিনে সুলতান পদকপ্রাপ্ত শিল্পীকে পদক প্রদান করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার।
