চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে শনিবার রাতে রেলস্টেশনে হামলার ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়নি। সেখানে অবস্থানরত বাংলাদেশি ছাত্র, ব্যবসায়ী ও পর্যটকরা নিরাপদে আছেন। তবে তাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে চীন সরকার ও বাংলাদেশ মিশন।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিং-এর রেলওয়ে স্টেশনে শনিবার সংঘটিত অজ্ঞাত সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তেত্রিশ জন চীনা নাগরিক নিহত এবং একশ’ চল্লিশ জনের মতো আহত হয়। আক্রমণকারীদের মধ্যে চারজন পুলিশের গুলিতে মারা গেছেন এবং আহত একজন মহিলা আক্রমণকারী গ্রেফতার হয়েছেন। শিনজিয়ান অঞ্চলে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংখ্যালঘুদের মধ্যে সহিংস ঘটনা প্রায়ই ঘটে থাকলেও ১৬০০ কিলোমিটার দূরে ইউনান প্রদেশে এই ধরনের ঘটনা এই প্রথম।
এই সন্ত্রাসী আক্রমণে ইউনান প্রদেশে বসবাসরত কোন বাংলাদেশি হতাহত হয়নি বলে প্রাদেশিক পররাষ্ট্র দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। কুনমিং-এ অবস্থিত বাংলাদেশসহ সাতটি দেশের আবাসিক মিশনসমূহের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুনমিং-এর প্রাদেশিক পররাষ্ট্র দপ্তরের পরামর্শ অনুযায়ী কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাংলাদেশি ছাত্র, ব্যবসায়ী ও পর্যটকদের নিজ নিজ বাড়ি, ছাত্রাবাস এবং হোটেলে অবস্থান এবং মিশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে পরামর্শ দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া) আসুদ আহমদ ইত্তেফাককে জানান, কুনমিং-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। শেষ খবর পর্যন্ত বাংলাদেশি কেউ হতাহত হয়নি।
কুনমিং-এ বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ গাজী ইত্তেফাককে জানান, স্থানীয় প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তাত্ক্ষণিক সব ব্যবস্থা নেয়া হয়েছে।
