বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নারী ভিসি হিসেবে নিয়োগ পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম ভিসি হিসেবে তাকে চার বছরের জন্য নিয়োগ দেন। একইসঙ্গে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩-এর ১৩(১) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেনকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিয়োগ দেন। একই আদেশে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এমএ মতিন ও প্রো-ভিসি অধ্যাপক ড. আফসারউদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় কাউন্সিল কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত ভিসি ও প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এমএ মতিনের নিকট থেকে অধ্যাপক ড. ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণশেষে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘গত বছর বেশ কয়েকটি কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমার প্রথম কাজ হবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা। এরপর বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনিযুক্ত ভিসি ও প্রো- ভিসিকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার। গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ভিসি প্যানেল নির্বাচনে প্রথম নারী ভিসি হিসেবে সর্বাধিক ভোট পেয়ে প্রথম হন নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম। একই প্যানেল থেকে দ্বিতীয় হন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন।
