টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপি হওয়ায় রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করে দিলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন কাদের সিদ্দিকী। গতকাল রবিবার শুনানি শেষে আপিল খারিজ করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রাখেন।
এর আগে সকাল ১০টায় নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে আপিল শুনানি শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়। কাদের সিদ্দিকী উপস্থিত থেকে শুনানিতে অংশ নেন। শুনানিতে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য রফিকুল ইসলাম, সদস্য আতিকুর রহমান উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় কমিশন দ্বিতীয় দফায় বৈঠক শেষে আপিল আবেদন খারিজ করে দেয়। এ সময় সিইসির নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকীর মতো জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবু সাঈদ মিঞার আপিলও নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। অবশ্য কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন কাদের সিদ্দিকী। এর প্রতিক্রিয়ায় কাদের সিদ্দিকী বলেন, অদ্ভুত এক উটের পিঠে চলছে দেশ। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠুনকো। তিনি বলেন, তবে ডাল মে কুচ কালা হ্যায়।
