উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে ৩৫ জেলার ৭৪ উপজেলায় তিনটি পদে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক হাজার ৩৩৪ জন প্রার্থী। গতকাল রবিবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, চেয়ারম্যান পদে ৫৩২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৯৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই হবে বুধবার। আর প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ। বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ মার্চ। নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। এর আগে চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৫৬৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ। এ ধাপের নির্বাচন হবে আগামী ২৩ মার্চ।
