লাভজনক হলেও চলছে না রামসাগর এক্সপ্রেস ট্রেন

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২০:৫৩
বাংলাদেশ রেলওয়ে বোনারপাড়া সেকশনে ইঞ্জিন ও জনবল সংকটের কারণে বোনারপাড়া-দিনাজপুর রুটে চলাচলকারী লাভজনক রামসাগর এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। ট্রেনটির চলাচল বন্ধ করে দেয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, রামসাগর এক্সপ্রেস ট্রেনটি ২০১০ সালের ১২ নভেম্বর চালু হয়। তত্কালীন সময়ে বর্তমান ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া ট্রেনটির উদ্বোধন করেন। ট্রেনটি প্রতিদিন দিনাজপুর থেকে বেলা ২টা ৫০ মিনিটে বোনারপাড়া জংশন স্টেশনের উদ্দেশ্যে এবং সকাল ৬টা ৩০ মিনিটে বোনারপাড়া জংশন স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি চালু হবার পর থেকে বোনারপাড়া, গাইবান্ধাসহ রংপুর বিভাগের অন্যান্য জেলার লোকজন বাসের পরিবর্তে ট্রেনে যাতায়াতের দিকে ঝুঁকে পড়ে। ফলে ট্রেনের যাত্রী সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। সেটি লাভজনক হয়ে ওঠে। কিন্তু ট্রেনটির নিজস্ব কোন ইঞ্জিন ও চালক নেই। হঠাত্ করেই ট্রেনটির চলাচল বন্ধ করে দেয়া হয়। জানা গেছে, রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় বোনারপাড়াসহ গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার মানুষের জন্য বিভাগীয় শহর রংপুরে অফিস আদালতে এবং চিকিত্সার জন্য হাসপাতালে যাওয়া সহজসাধ্য ছিল। হঠাত্ করে ট্রেনটি বন্ধ করে দেয়ায় হতাশ যাত্রীরা। এ ব্যাপারে রেলওয়ে বোনারপাড়া স্টেশন মাস্টার আইয়ুব হোসেন জানান, জনবল সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে কবে নাগাদ ট্রেনটি চালু হবে তা তার জানা নেই। এলাকাবাসী জরুরিভিত্তিতে রামসাগর ট্রেনটি চালুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানিয়েছে।