ভারতের বিদায়ী সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ বলেছেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, যা প্রশংসার দাবি রাখে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নতির শীর্ষে পৌঁছানোর জন্য বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অপরিহার্য বলে তিনি অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রামকে ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ এলাকা উল্লেখ করে তিনি বলেন, ভারতের নিকট চট্টগ্রামের মূল্য অনেক বেশি। ভারত সরকারের নীতি হল প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক সুনিবিড় করা। এ লক্ষ্যে বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের প্রতি ভারতীয় বন্ধুদের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে।
রবিবার চট্টগ্রামে বিদায়ী ও নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনারদের সংবর্ধনা অনুষ্ঠানে সোমনাথ ঘোষ এসব কথা বলেন। নগরীর চট্টগ্রাম ক্লাবে এ সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতে নগরীর বিভিন্ন শ্রেণি ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ওলেগ পি বয়কো, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য মোহাম্মদ ইসহাক মিয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, বেথেলহেম চার্চের ড. আলফ্রেড এ অধিকারী প্রমুখ।
