ঘর পেল আটপাড়ার ১৫৪ হতদরিদ্র পরিবার

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৪

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়া উপজেলার ১৫৪টি হতদরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রীর প্রদত্ত বাড়ি। যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্ত বাড়িঘর নির্মাণ করে প্রদান করা হয়। সোমবার তাদের বাড়িঘর বুঝিয়ে দেয়া হয়।  

জেলার আটপাড়া উপজেলায় সাতটি ইউনিয়নে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদা আক্তারের তদারকিতে এসব বাড়িঘর নির্মাণ করা হয়।

ইউএনও বলেন, এক লাখ টাকা ব্যয় নির্ধারিত নির্মিত গৃহগুলোতে বসবাস করছে আশ্রয়হীন পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন নেত্রকোনার আটপাড়ায় ১৫৪টি আশ্রয়হীন দরিদ্র পরিবার।

উপজেলার বানিয়াজান গ্রামের পাঁচ সন্তানের জননী সফুরন বেগম বলেন, দীর্ঘদিন যাবত্ নিজের ঘর না থাকায় প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করেছেন তিনি। এখন  ঘর পেয়ে শান্তিতে বসবাস করছেন।

তার মতো সুনই গ্রামের পারভিন আক্তার মুড়ি বিক্রেতা স্বামী ও সন্তানদের নিয়ে রোদ-ঝড়-বৃষ্টিতে খুব কষ্টে জীবনযাপন করলেও ঘর পেয়ে হাসি ফুটেছে পরিবারটির।