পেশাজীবীদের সবচেয়ে বৃহত্তর সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১২ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের প্যানেলে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু এবং বিএনপি সমর্থিত প্যানেলে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন নেতৃত্ব দিচ্ছেন।
নির্বাচনটি অরাজনৈতিক হলেও সম্পূর্ণ রাজনৈতিক রূপ লাভ করেছে। দলীয়ভাবে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের আরো কয়েকটি প্যানেল জমা পড়লেও শেষ পর্যন্ত তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনে কয়েকজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষে সম্পাদক পদে বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সম্পাদক পদে এডভোকেট রবিউল আলম বুদু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
