ফাইনালে শ্রীলংকা

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২৩:১৭
শ্রীলঙ্কার জন্য ফাইনাল নিশ্চিত করার ম্যাচ। আফগানিস্তানের জন্য নিজেদের গৌরব আরেকটু বাড়ানোর ম্যাচ; কিন্তু বাংলাদেশের এই ম্যাচে ছিল না তেমন কোনো ‘স্বার্থ’। সে কারণেই হয়তো বাংলাদেশের মাটিতে ইতিহাসের অন্যতম দর্শক আগ্রহহীন হয়ে গেল গতকাল আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ। আর বাংলাদেশের মাটিতে স্মরণকালের সবচেয়ে কম দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ পর্যন্ত আফগান-রোমাঞ্চকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দিলো না শ্রীলঙ্কা। আফগান বোলারদের শুরুর কৃতিত্ব ম্লান করে দিয়ে শ্রীলঙ্কা ম্যাচ জিতে নিলো ১২৯ রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচে বোনাসপয়েন্টসহ জেতায় ১৩ পয়েন্ট নিয়ে এবারের এশিয়া কাপে প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেল শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ৫০ ওভারে ২৫৩ রান তুলেছিলো শ্রীলঙ্কা। যদিও আফগান বোলারদের শুরুর নিয়ন্ত্রণটা দেখে মনে হচ্ছিল না, এতোদূর যেতে পারবে শ্রীলঙ্কা। ৪১.৫ ওভারে ১৮৪ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল তারা; কিন্তু খুব চেষ্টা করেও আফগানরা রানস্রোতে বাধা দিতে পারেনি কুমার সাঙ্গাকারার আরো একটি ফিফটির কারণে। গতকালও আউট হওয়ার আগে ৭৬ রানের ইনিংস খেলেছেন তিনি। এই নিয়ে গতকাল ১০৩তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন সাঙ্গাকারা। ফলে জ্যাক ক্যালিসের সঙ্গে ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক হয়ে গেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরি করার পর সর্বশেষ চার ওয়ানডেতে তার স্কোরগুলো হলো—১০৩, ৬৭, ১২৮ ও ৭৫! সাঙ্গাকারার এই রান বন্যার পাশাপাশি ম্যাথুসের ৪১ বলে ৪৫ রানের ইনিংস মিলিয়ে ৫০ ওভার শেষে বেশ ভালো একটা পুঁজি পেয়ে গেল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে আফগানিস্তানের অনভিজ্ঞ ব্যাটসম্যানরা আসলে কখনোই স্বস্তিতে ছিলেন না। দ্বিতীয় উইকেটে নূর আলী ও স্ট্যানিকজাই ৪৫ রানের জুটি করেছিলেন। তারপরও ২০.২ ওভারে ৭৩ রানে তুলতে ৫ উইকেট হারায় তারা। এরপর ৩২ রানের ইনিংস খেলা নবী একটা শেষ চেষ্টা করেছিলেন। কাজের কাজ হয়নি। ৩৮.৪ ওভারে ১২৪ রানে অল-আউট হয়ে গেল আফগানরা। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নিয়ে থিসারা পেরেরা ও অজন্তা মেন্ডিস মূল ধসটা নামান। লাকমল ও ডি সিলভা নেন ২টি করে উইকেট।