কিশোরগঞ্জে আঞ্চলিক ছড়া সম্মেলন
গত ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ ছড়াকার সংসদের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের ৪০টি জেলার ছড়াকারবৃন্দ যোগদান করেন। সকাল ১০টায় বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক এসএম আলম। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. আবদুল হাই, সুব্রত পাল ও আলহাজ্ব মাজহারুল ইসলাম ভুইয়া। আলোচনায় অংশ নেন আলম সানী, এ্যাড. নাসিরউদ্দীন ফারুকী ও বাদল রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সুবীর বসাক। স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ছড়া সংসদের সভাপতি ও প্রখ্যাত ছড়া লেখক জাহাঙ্গীর আলম জাহান।
সাতটি পর্বে অনুষ্ঠিত তৃতীয় পর্বে বিশিষ্ট লেখক, সাংবাদিক, সমাজসেবা, ছড়া গবেষণা ছড়া ও ছড়া সাহিত্য এবং কাব্য-সাহিত্য মোট আটজনকে সম্মাননা ও পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন: শামসুল ফয়েজ, নাসের মাহমুদ, রানা জামান, ফেরদৌস চৌধুরী, স্বপন ধর, মাহবুর রহিম, আবুল হাসেম ভূইয়া ও সাইফউদ্দীন আহমেদ লেনিন।
অনুষ্ঠানের পঞ্চম পর্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মো. সোহরাবউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো. জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন এ্যাড. মোজাম্মেল হক খান রতন। দিনব্যাপী অনুষ্ঠানে ছড়া, আবৃত্তি, উন্মুক্ত ছড়াপাঠ ও যুগল নৃত্য এবং নৃত্যনাট্য রূপবান পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করেন দিলরুবা খানম, বাঁধন রায় ও হারুন আল রশিদ।
