বেলকুচিতে ঝড়ে গাছচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামে সোমবার সন্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মঞ্জেল হোসেন (২) তাঁত শ্রমিক হাফিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহত শিশুর বাবা হাফিজুল ইসলাম, মা বিউটি খাতুন এবং বোন হাফিজা খাতুন আহত হয়।

দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস ও বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ জানান, হঠাত্ ঝড়ো হাওয়ায় জীর্ণ ঘর ভেঙে পড়তে পারে বলে দরিদ্র তাঁত শ্রমিক হাফিজুল পাশের বাড়িতে পরিবারসহ আশ্রয় নিতে বের হয়। তখন তাদের উপর বাড়ির ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই শিশু সন্তান মারা যায় এবং বাকি তিনজন আহত হয়। গুরুতর আহত হাফিজুল ইসলাম ও তার স্ত্রী বিউটি খাতুনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলপুরে ঘূর্ণিঝড়ে নিহত

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ফুলপুর উপজেলায় সোমবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে একজন নিহত হয়েছেন। এ সময় প্রচুর গাছপালা, বহু ঘরবাড়ি ও মসজিদ মাদ্রাসা বিধ্বস্ত হয়। তার ছিঁড়ে বিদ্যুত্ সরবরাহ অচল হয়ে পড়ে।

রাত ৮টার দিকে বজ্রবৃষ্টির সঙ্গে শুরু হয় কালবৈশাখী ঝড়। প্রায় আধঘণ্টা স্থায়ী এই ঝড়ে ভাইটকান্দির সখল্যা মোড়ে দোকানের ওপর গাছ উপড়ে পড়ে হালিম মিয়া নামে একজন নিহত হন। সকালে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।