নিজস্ব অর্থে কেন্দ্রীয় ব্যাংকের সিএসআর কার্যক্রম শুরু

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:২৯
প্রতি বছর নিজস্ব পরিচালনা মুনাফা থেকে ৫ কোটি টাকা সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমে ব্যয় করবে বাংলাদেশ ব্যাংক। এটাই প্রথম নিজস্ব তহবিল থেকে বাংলাদেশ ব্যাংকের সিএসআর কার্যক্রম। এর অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংক ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ হতে অর্থায়ন সহায়তা প্রদানের জন্য ৯টি প্রকল্পের সঙ্গে চার কোটি ২৫ লাখ টাকার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকল্পসমূহের প্রধানদের কাছে প্রথম কিস্তিতে দুই কোটি ২৮ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালকবৃন্দ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অর্থায়ন সহায়তাপ্রাপ্ত ৯টি প্রকল্পের প্রধান। অনুদান পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরকে ৫০ লাখ টাকা, ফায়ার সার্ভিসকে ৫০ লাখ, ম্যানেজম্যান্ট রিসার্স ডেভেলপমেন্ট ইনিটেটিভ (এমআরডিআই) প্রায় ১৫ লাখ, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বি ওআই এল সি) ৭ লাখ টাকা, অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশান বাংলাদেশকে ৩০ লাখ, মানস মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ১২ লাখ, বার্ন ইউনিট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ২৫ লাখ, প্রয়াস ঢাকা ক্যান্টনমেন্টকে ২৫ লাখ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশানকে ১৫ লাখ টাকার অনুদান দেয়া হয়।