সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
অভ্যন্তরীণ গম ও বোরো চাল সংগ্রহ অভিযান নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য ক্রয়ের মাধ্যমে সরকারি খাদ্য গুদামে (এলএসডি) ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া কর্মসূচির উদ্বেধন করেন। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ প্রমুখ।
সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে রাহাত রিমন জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। এসময় কৃষকদের কাছ থেকে ২২ মে. টন গম, ২৩৬ মে. টন ধান ও মিল মালিকদের কাছ থেকে ২ হাজার ৩৭৬ মে. টন চাল সংগ্রহ করা হবে। সরকারিভাবে গম ২৮ টাকা, ধান ২৬ টাকা ও চাল ৩৬ টাকা কেজি হিসাবে কেনা হবে।
