দুর্গাপুরে বিদ্রোহীরা দলীয় প্রার্থীদের বড় ফ্যাক্টর

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৩
রাজশাহীর দুর্গাপুরে বিদ্রোহী প্রার্থীর গোলক ধাঁধায় পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা। উভয় দলের বিদ্রোহী প্রার্থীরা দলীয় প্রার্থীর ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। এসব বিদ্রোহী প্রার্থীরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কুত্সা রটাচ্ছেন এবং নিজেদের দলীয় প্রার্থী হিসেবে দাবি করছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মোল্লা আব্দুল ওয়াহেদ নিজেকে দলীয় প্রার্থী দাবি করে পথসভা করছেন। তার পথসভায় বিএনপি’র সিনিয়র নেতারা না থাকলেও নেপথ্যে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। এ অবস্থায় বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম সাকলায়েনকে একদিকে গণসংযোগ, অন্যদিকে দলীয় বিদ্রোহী প্রার্থীর অপপ্রচারের মোকাবিলা করতে হচ্ছে। এসব নিয়ে বেকায়দায় থাকলেও নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন গোলাম সাকলায়েন। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের মণ্ডলও নিজেকে দলীয় প্রার্থী বলে দাবি করছেন। যদিও তার প্রচারণায় আওয়ামী লীগের কাউকে আনতে পারছেন না। দলীয় বিদ্রোহী প্রার্থীর অপপ্রচারকে পাত্তা না দিয়ে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটারদের সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেন দুর্গাপুরে ঘটতে না পারে সেজন্যও জনগণের ভোট প্রার্থনা করছেন। এদিকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম (মোটরসাইকেল), বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম সাকলায়েন (কাপ-পিরিচ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের মণ্ডল (দোয়াত-কলম), বিএনপি বিদ্রোহী প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মোল্লা (আনারস) প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনয় কুমার (টিউবওয়েল), বিএনপি’র প্রার্থী সৈয়দ জামাল (চশমা) ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান লালবু (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বানেছা বেগম (ফুটবল), বিদ্রোহী প্রার্থী জলিদা বেগম (কলস) ও বিএনপি প্রার্থী রেখা বেগম (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।