জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদরের নির্বাচন

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেযারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর জোরেসোরে প্রচারণা শুরু করেছেন। গণসংযোগ আর মাইকিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় গুলোতে পথসভা করে ভোটারদের নিজের পক্ষে টানার চেষ্টা করছেন প্রার্থীরা। শোনাচ্ছেন আশার বাণী। জয়লাভ করলে কি কি উন্নয়ন করবেন তা তুলে ধরছেন ভোটারদের সামনে। প্রতীক বরাদ্দের পর আচরণবিধি মেনে প্রার্থীদের পক্ষে সমানতালে চলছে মাইকিং। প্রার্থীরা রাতের ঘুম ত্যাগ করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দলীয় নির্বাচন না হলেও এই উপজেলায় দলীয় সমর্থন নিয়ে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামসুল হক (আনারস), বিএনপি সমর্থিত প্রার্থী তসিকুল ইসলাম তসি (কাপ-পিরিচ), জামায়াত সমর্থিত প্রার্থী মোখলেশুর রহমান (মোটরসাইকেল) ও জাসদ সমর্থিত প্রার্থী নিয়ামুল হক (দোয়াত-কলম) প্রতীকে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৪শ’, মোট ভোট কেন্দ্র ১৪৯টি। আগামী ১৫ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।