চৌহালীতে আ’লীগে একক বিএনপিতে অর্ধডজন প্রার্থী

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৪
চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলখ্যাত চৌহালী উপেজলায় মনোনয়নপত্র দাখিলের শেষদিনে চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ ভোটে ৩টি পদেই একক প্রার্থী দিতে সমর্থ হয়েছে। অবশ্য পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। একমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদ ছাড়া অন্য ২ পদে বিএনপির প্রায় অর্ধডজন প্রার্থী মনোনয়নগত্র দাখিল করায় দলটি প্রার্থীজটের কবলে পড়েছে। শেষদিনে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন: চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুল আলম ওরফে হযরত আলী মাস্টার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর কবীর জনি ওরফে সাইদুল ইসলাম, বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মরহুম আনসার আলী সিদ্দিকীর ছেলে মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, বর্তমান চেয়ারম্যান মাহফুজা আকতার, আনোয়ার হোসেন, রিয়াজুল ইসলাম, মোখলেসুর রহমান, হুমায়ুন কবীর কর্নেল (জামায়াতে ইসলামী), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক এম মোকদম আলীর ছেলে সাব্বির হাই রিপন, আব্দুর রাজ্জাক সরকার (আওয়ামী লীগ, বিদ্রোহী), বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, নাজমুল হক, আব্দুর রউফ বেপারী, মঞ্জুর রহমান শিকদার, সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহান আরা ইয়াসমিন (আওয়ামী লীগ), বর্তমান ভাইস চেয়ারম্যান নাসরীন আকতার (স্বতন্ত্র) ও জোহরা পারভীন (বিএনপি)। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির সাইদুল ইসলাম, মাহফুজা খাতুন, রবিউল ইসলামের কথাই তৃণমূলে জোরে-শোরে শোনা যাচ্ছে।