হরিণাকুণ্ডুর প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগে অনিয়ম

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২১:৪০
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নৈশপ্রহরী নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দরিবিন্নী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে একজন মাত্র প্রার্থীর উপস্থিতিতে এই পরীক্ষা নেয়া হয় এবং সরকারি বিধি ভঙ্গ করে ইউএনও সম্পূর্ণ নিজ ক্ষমতাবলে তাকেই নিয়োগ দেন। বিধি মোতাবেক ন্যূনতম তিনজন প্রার্থীর উপস্থিতি ছাড়া নিয়োগ পরীক্ষা গ্রহণ করা যায় না। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা ও স্কুল সভাপতির সাথে প্রার্থী প্রতি ৫ লাখ টাকার চুক্তিবদ্ধ হওয়ার খবর শুনে অনেক প্রার্থীই পরীক্ষায় অংশগ্রহণ করেনি। জানা যায়, দরিবিন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০জন প্রার্থী তাদের আবেদনপত্র জমা দেন। ২৫ ফেব্রুয়ারি আবেদনপত্র বাছাইয়ে তিনজন প্রার্থীর আবেদনপত্র বাতিল হলে অবশিষ্ট সাতজন প্রার্থীর মধ্যে শুধুমাত্র সাদ্দাম হোসেন নামে একজন প্রার্থী উপস্থিত হন এবং সম্পূর্ণ বেআইনিভাবে তাকেই নিয়োগ দেয়া হয়। এমনিভাবে বেশিরভাগ নিয়োগেই মোটা অংকের অর্থ লেনদেন হয়েছে বলে এলাকাবাসীর মন্তব্য। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমীন বলেন, নিরাপত্তার কারণে আমার কার্যালয়ে নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে। দরিবিন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইয়াকুব আলী বলেন, অনিয়ম বুঝি না যা কিছু হয়েছে ইউএনও’র নির্দেশক্রমেই হয়েছে। বিরোধীপক্ষ পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছে তাই একজন প্রার্থীর উপস্থিতিতেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।