বিনোদন রিপোর্ট
নতুন অভিনেত্রী সোহানা সীমা অভিনয় করছেন ‘আকাশ ছোঁয়ার স্বপ্ন’ শিরোনামের একটি ধারাবাহিকে। বাংলাদেশের একটি স্বনামধন্য শিল্পপতি পরিবারের তৃতীয় প্রজন্মের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। স্বাধীন শাহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দেবাশীষ বড়ুয়া দীপ।
নাটকে দেখা যাবে, উচ্চবৃত্ত এক যৌথ পরিবারের সকল ধরনের ব্যবস্যা এখনো যৌথই আছে। অনীক হাসান পরিবারের থার্ড জেনারেশনের প্রথম সন্তান। ঢাকার অদূরে পারিবারিক সম্পত্তিতে সে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে। সেই ব্যবসাতে তাঁর পরিবারের সকলের অংশ আছে।
তরুণ এই অভিনয়শিল্পী এর আগে অভিনয় করেছেন নাট্যচক্র থিয়েটারে। নাটকটি নিয়ে সোহানা সীমা বলেন, ‘ধারাবাহিকটিতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এখানে আমার চরিত্রের নাম রাইসা। পরিচালক দেবাশীষ বড়ুয়া দীপ দাদা আমাকে টানা ১৫ টিন অনুশীলন করিয়েছেন। কীভাবে কুটনামি করতে হয়, পরিবারে ঝগড়া বাঁধাতে হয় এসব। বাস্তবজীবনে সাধারণ মেয়ে হলেও নাটকে আমাকে ভিন্নরূপে দেখবেন দর্শকরা। আশা করি বেশ ভালোই লাগবে দর্শকদের।’
এটিএন বাংলায় প্রতি রবি ও সোমবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। এতে আরো অভিনয় করেছেন অহনা, ইরফান সাজ্জাদ, তানভীর, শম্পা হাসনাই, আইরিন তানি, সানজিদা তন্ময়, মম, লিজা মিতু, মার্শাল, ডায়না প্রমুখ।
