স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যসেবা আমাদের নাগরিক অধিকার। কিন্তু আমাদের সম্পদ কম, দেশ ছোট, জনসংখ্যা অনেক বেশি। এখানে সরকারিভাবে স্বাস্থ্যসেবা সবার কাছে পৌঁছে দেয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে আমাদের ব্যক্তি ও প্রতিষ্ঠানগত উদ্যোগ নিতে হবে। গতকাল বুধবার দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুরের তেতুঁইবাড়ি এলাকায় স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনে এসে এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য মো. নাজমুল হাসান পাপন এমপি, প্রফেসর এম এইচ মিল্লাত এমপি, মালেশিয়ান কেপিজে হেল্থকেয়ার বারহেডে’র ভাইস প্রেসিডেন্ট হাজী আব্দুল মালেক তালিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য মো. বায়োজিদ খুরশিদ বক্তব্য রাখেন।
নাজমুল হাসান পাপন এমপি জানান, আগামি ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) বহির্বিভাগ চালুর মাধ্যমে হাসপাতালটির কার্যক্রম শুরু হচ্ছে। আগামী সাত জুলাই হাসপাতালটির অন্তর্বিভাগের কার্যক্রমও শুরু করার প্রস্তুতি রয়েছে তাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও মালেশিয়ান কেপিজে’র সহযোগিতায় এ হাসপাতালটি প্রাথমিক পর্যায়ে ২৫০ শয্যা নিয়ে শুরু হচ্ছে। এখানে বাংলাদেশি ও মালেশিয়ান চিকিত্করা চিকিত্সা সেবা দেবেন। গরীব মানুষের জন্য সার্জিক্যাল চিকিত্সা ছাড়া অন্যান্য চিকিত্সা দেয়া হবে বিনা মূল্যে।
