বিদ্যুতের দাম কমাতে চাইলে সরকার পরিবর্তন করুন

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২৩:০৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিদ্যুতের দাম কমাতে চাইলে সরকার পরিবর্তন করুন। আওয়ামী লীগ থাকলে দাম শুধু বাড়বে, কমবে মানুষের জীবনের মান। সরকারের পতন ছাড়া বিদ্যুতের দাম কমবে না। গতকাল রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের নির্বাহী সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান সারোয়ার, সহ-সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগের কঠোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, আমরা মনে করি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলে পরিবহন ও পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। জনগণের ভোগান্তি বাড়বে। তিনি বলেন, কুইকরেন্টাল-এর নামে এবং বিভিন্ন বিদ্যুত্ অফিসে যে লুটপাট হচ্ছে, তা বন্ধ করতে হবে। এসব লুট বন্ধ করতে পারলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রয়োজন নেই।