সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের আলোচনা চুক্তি ছাড়াই শেষ

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৫৬

সুদানের রাজনৈতিক সংকট

এএফপি

সুদানের সেনাবাহিনী ও বিক্ষোভকারীরা দেশ পরিচালনায় নতুন পরিষদ গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে আবারো ব্যর্থ হয়েছে। একজন বেসামরিক ব্যক্তি, না সেনা কর্মকর্তার নেতৃত্বে নতুন ওই পরিষদ গঠন করা হবে, তা নিয়ে বিতর্কে আলোচনা স্থগিত হয়ে গেছে। 

খার্তুমের সেনা সদর দপ্তরের বাইরে কয়েক সপ্তাহ অবস্থান করা হাজার হাজার বিক্ষোভকারীর প্রধান দাবি হচ্ছে বেসামরিক নেতৃত্বাধীন একটি প্রশাসন গঠন করা। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসক ওমর আল-বশির গত মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর সুদানে তিন বছর মেয়াদি অন্তর্বর্তী শাসনের জন্য একটি কার্যকর পরিষদ গঠন বিষয়ে উভয় পক্ষ রবিবার রাতে নতুন দফার আলোচনা শুরু করে। বেসামরিক নেতৃত্বাধীন একটি প্রশাসন গঠনে আন্তর্জাতিক চাপ থাকায় সামরিক পরিষদ তাদের অবস্থান পরিবর্তন করে।

সোমবার রাতে সামরিক পরিষদ এবং আন্দোলনকারীদের জোট ‘অ্যালায়েন্স ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জ’ প্রস্তাবিত পরিষদ চূড়ান্ত করতে প্রেসিডেন্টের প্রাসাদে ফের বৈঠকে বসলেও তারা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। ওই আলোচনার পর কোনো পক্ষই জানায়নি যে কখন পুনরায় আলোচনা শুরু হবে।

তবে বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া সিদ্দিক ইউসেফ নামের এক নেতা সাংবাদিকদের বলেন, ‘যতক্ষণ না বড় ধরনের অগ্রগতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ও ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিলের মধ্যে আলোচনা স্থগিত রাখা হয়েছে।’ অপরদিকে আলোচনা স্থগিত থাকছে কি-না, সে ব্যাপারে ক্ষমতাসীন সামরিক পরিষদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।