চট্টগ্রামে কাল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২২:২৪
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নগরীর পোলোগ্রাউন্ডে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগামীকাল শনিবার মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, এমএ লতিফ এমপি ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই মাসব্যাপী মেলা ৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এবারের মেলার কান্ট্রি পার্টনার থাইল্যান্ড। এ ছাড়া মেলায় ভারত, চীন, তুরস্ক, থাইল্যান্ড, ইরান অংশগ্রহণ করবে। প্রায় চার লাখ বর্গফুটের এ মেলায় ১২টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ২টি মিনি মেগা প্যাভিলিয়ন, ৮টি প্রিমিয়ার প্যাভিলিয়ন এবং ১৬টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১২৭ টি প্রিমিয়ার মেগা বুথ, ৫০টি মেগা বুথ, ১০টি প্রিমিয়ার গোল্ড বুুথ, ৩৮টি প্রিমিয়ার বুথ, ১৪টি স্ট্যান্ডার্ড বুথ ও ৩টি রেস্টুরেন্টসহ সর্বমোট ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯ টি স্টল নিয়ে ৪শ’ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চট্টগ্রামে ২২তম বাণিজ্য মেলা উপলক্ষে গতকাল চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেলা কমিটির চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম।