ঢাকা-সিলেট মহাসড়কে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ও বারিউড়া এলাকার মাঝামাঝি স্থানে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-বাবা ও তাদের ২ ছেলেসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এ সময় মহাসড়কের প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার সরাইল উপজেলায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জেলা সদর হাসপাতালের চক্ষু বিভাগের স্বাস্থ্য সহকারী মো. এখলাছুর রহমান (৪০), তার স্ত্রী শাহবাজপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরিয়ম বেগম ঝর্ণা (৩০), তার বড় ছেলে তাহসিনুর রহমান (৫), সাত মাস বয়সের ছোট ছেলে আবরার এ মঈন ও সিএনজি চালক আলমগীর হোসেন মৃধা (৪৮) নিহত হয়েছেন।
পুলিশ জানায়, ঢাকা অভিমুখী বেপরোয়া গতির মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে চিকিত্সক এখলাছ, তার বড় ছেলে এবং সিএনজি চালক আলমগীর ঘটনাস্থলেই মারা যান। অন্য ২ জনকে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক ও যাত্রীরা পালিয়ে গেছেন।
