এবার ইবতেদায়ী উত্তীর্ণ মেধাবীরাও বৃত্তি পাবে

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২২:৪৩
এবার ইবতেদায়ীতে উত্তীর্ণ মেধাবীদেরও বৃত্তি দেয়া হবে। ২০১৩ সালে ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই বৃত্তি দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও বৃত্তি প্রদানের নীতিমালা চূড়ান্ত না হওয়ায় এখনই এই ফল ঘোষণা করা হচ্ছে না। আগামী ৯ মার্চ মন্ত্রণালয়ের অনুষ্ঠিতব্য একটি সভায় নীতিমালা চূড়ান্ত করা হবে। আর চলতি মাসেই বৃত্তি ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, ৫ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১০ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। এই ১৫ হাজার মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিতে ২০১৩-১৪ অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৩ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এককালীন ১৫০ টাকা এবং প্রতি মাসে ২শ’ টাকা করে পাবে। এছাড়া সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এককালীন ১৫০ টাকা এবং প্রতি মাসে ১৫০ টাকা করে পাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন বছর মেয়াদে তারা এই আর্থিক সুবিধা পাবে। সরকার প্রাথমিক শিক্ষা সমাপনী শেষে ২২ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৩৩ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে ইবতেদায়ী শিক্ষা সমাপনীর পর উত্তীর্ণ মেধাবীদের বৃত্তি না দেয়ায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা একে বৈষম্য বলে অভিযোগ করে বৃত্তি প্রদানের দাবি জানিয়ে আসছিল। এরই প্রেক্ষাপটে সরকার ইবতেদায়ীতে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।