বিজ্ঞানীরা প্রথমে আবিষ্কার করলেন এমন একটি গিটার, যা বাজানো যাবে হাওয়াতে আঙুল চালিয়ে। এরপর আবিষ্কার হলো সুরেলা ফুটবলের, যা বাজানো যাবে কিবোর্ডের মতো করে। এরপর বিজ্ঞানীদের লেটেস্ট আবিষ্কার হলো সুরেলা দস্তানা। সম্প্রতি এডিনবার্গে অনুষ্ঠিত টেডগ্লোবাল টেক কনফারেন্সে এবার মিউজিকাল গ্লাভস বা সুরেলা দস্তানার দেখা মিলেছে। সংগীত সৃষ্টি করে এমনই একজোড়া দস্তানা হাতে পরে মঞ্চে এসেছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শিল্পী ইমোজেন জেনিফার জেন হিপ। আরও জানা গেছে, মিস হিপের হাতে পরা গ্লাভস বা দস্তানা জোড়া সংগীত মূর্ছনা সৃষ্টি করতে পারে। গবেষক দলের কাছ থেকে আরও জানা গেছে, এডিনবার্গে অনুষ্ঠিত টেডগ্লোবাল টেক কনফারেন্সে বিভিন্ন প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন দেখানো হয়। এ অনুষ্ঠানে প্রথমবারের মতো সুরেলা দস্তানা পরে সুর সৃষ্টি করেছিলেন মিস হিপ। জানা গেছে, মিস হিপের হাতে পরা দস্তানাটির বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি আগে থেকে প্রোগ্রাম করা সংগীত বাজাতে পারে। তারা আরও জানিয়েছেন, এ গ্লাভস বা দস্তানা তৈরি করেছেন ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ডের গবেষকরা। ফাইবার অপটিকের তৈরি এ গ্লাভস মূলত গেম খেলার জন্য তৈরি করেছেন তারা। গবেষকদের কাছ থেকে পাওয়া তথ্য মতে জানা গেছে, এ দস্তানায় আলাদাভাবে চিপ বোর্ড বসানো হয়েছে। এই চিপগুলোর সাহায্যে হাতের ভঙ্গি এবং নড়াচড়ার বিষয়টি আগে থেকেই প্রোগ্রাম করা যায়। এখানে উল্লেখ্য, অনুষ্ঠানে মিস হিপের হাতের নড়াচড়ায় সংগীত বাজার বিষয়টি আগে থেকেই প্রোগ্রাম করা ছিল।
