ভার্সিটির ক্লাসের ফাঁকে মামার দোকানে এক কাপ চা! চাঙ্গা করে দেয় যেন আপনাকে। আর বন্ধুদের সাথে আড্ডার তো কোনো জুড়ি মেলা ভার! ধানমন্ডিতে ভার্সিটি যাদের, তার নিশ্চয়ই কুকের কথা শুনেছেন। এডিসি অ্যাম্পায়ার প্লাজায় প্রায়শই একদল তরুণ আড্ডামুখর করে রাখে ছোট্ট এক ক্যাফে, তাতে হেন কোনো খাবার নেই, পাওয়া যায় না। ক্যাফেটি ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
ধানমন্ডি আবাহনী মাঠের পাশে এই কমপ্লেক্স, নতুনই বলা চলে! আর ভেতরে ঢুকতেই পেছনের দিকটায় চোখটা আটকে যাবে। শান্তা ক্লজের লাল টুপিতে সেজে হাসি দিচ্ছে কাঠের অক্ষরে লেখা কুক! আলো-আঁধারিতে ভেতরটা পুরোই অন্যরকম, দিনে একরকম তো রাতে অন্য। আর যখন প্লাস্টার খসা দেয়ালে স্পটলাইট এসে পড়ে, পুরোই মোহনীয় হয়ে যায় পরিবেশটা! ৩৬ জনের বসার আয়োজন আছে, তবে পার্টি হলে গোটা পঞ্চাশেকের আয়োজন করতে পারে কুক। মেন্যুটা খুলে চমকে যাবেন না, রয়েছে অসংখ্য খাবারের তালিকা। কী তান্দুরি নান, কী চিকেন, কী জুস! কিছুতেই কমতি নেই। যা চান সবসময়ই হাজির সেটা। আর মেন্যু দেখে যদি বলেই ফেলেন, এত কিছু? বাকি আছে কী!! আসলেই তাই, বাকি জিনিসগুলো, যা খেতেই মন চাক আপনার, হতে পারে তা একটা শুকনো লংকা! ঘণ্টি বাজিয়ে ওয়েটারকে ডেকে শুধু ইচ্ছেটা পেশ করুন। হাজির হয়ে যাবে পছন্দের খাবার। সামনে মোমবাতিটা জ্বেলে নিন, যদি শখ থাকে ক্যান্ডেল লাইট ডিনারের! কুকের এই বৈচিত্র্যময় খাবার নিয়ে যাত্রা শুরু এক বছর আগে। এর অন্যতম স্বত্বাধিকারী মহিব উল আলম বলেন, ‘সীমিত পরিসরেই সেরাটা দেওয়ার চেষ্টা করি আমরা। যারা নিয়মিত আসেন, তারা স্বাদের কথাটা বলবেন সর্বাগ্রে। বিশেষ খাবারগুলোর কথা না বললেই নয়। স্টেকগুলোর কথাই বলতে পারেন, এত কম দামে এই বাহারি স্বাদের জুড়ি নেই কোত্থাও।’ খাবারের মধ্যে রয়েছে স্প্রিং রোল, বিফ কাবাব রোল, বিভিন্ন ধরনের পাকোড়া, তান্দুরি চিকেন উইংস ও স্যুপ আইটেম। ভারী খাবার হলে তো কথাই নেই। নানা ধরনের মজাদার সব খাবারের আইটেম দিয়ে সাজানো হয়েছে মেন্যু কার্ড। পাবেন নান, পরোটা, রাইস আইটেম। সঙ্গে ভোজটি জমিয়ে নিতে পারেন চিকেন, বিফ, মাটন স্বাদে। তা ছাড়া আছে ডাল ও ভেজিটেবল। খাবারে তৃপ্তি আনতে নিতে পারেন সালাদের বাহারে। যারা পেটপুরে খাওয়ায় আগ্রহী নন, তাদের জন্য আছে অন্য আমেজ। মুখরোচক খাবারের ভিন্ন আয়োজন। আছে পাস্তার বাহার, কোনোটি ভেজিটেবল, কোনোটি চিকেন আবার কোনোটি বিফ মিক্স। আর স্টেকের কথা তো আগেই বললাম। তবে দামটার বিষয়ে নিশ্চিত থাকুন, মানের বিবেচনায় কমই। আর যদি ঝামেলায় না যেতে চান পছন্দের দশটিরও বেশি সেট মেন্যু থেকে বেছে নিন নিজেরটা। ঠিকানা :১৮৩ এডিসি অ্যাম্পায়ার প্লাজা, ১২/এ সাতমসজিদ রোড, ঢাকা। ফোন :০১৮১৫০০৫০৫০।
