ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার প্রাক্কালেই প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী এটি প্রতিষ্ঠা করেন। তিনি একাধারে আইনবিদ ও মানবাধিকার বিজ্ঞানী। তার রচিত আইন ও মানবাধিকার সংক্রান্ত গ্রন্থ দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। বিশ্বের কয়েকটি দেশের ইউনিভার্সিটিতে তার রচিত গ্রন্থ পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত। ড. পাটোয়ারী আইন শাস্ত্রের অধ্যাপক ও গ্রন্থ প্রণেতা, তাই তার প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিতে আইন অনুষদ সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। উল্লেখ্য যে, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম আইন বিভাগ চালু করা হয় এই প্রতিষ্ঠানে। বর্তমানে দুই হাজার ছাত্র-ছাত্রী নিয়ে এর আইন অনুষদ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছাত্র-ছাত্রীরা এখানে পড়ালেখা করার সুযোগ পায়। দিবা শাখার পাশাপাশি চাকরিজীবীদের সুবিধার্থে সান্ধ্যকালীন শাখাতেও এখানে পড়ালেখার সুযোগ রয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদে যে কোর্সসমূহে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে সেগুলো হলো—চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) দিবা শাখা, চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) সান্ধ্যকালীন শাখা, দুই বছর মেয়াদি এলএলবি (পাস) প্রোগ্রাম, এক বছর মেয়াদি এলএলএম (মাস্টার্স) প্রোগ্রাম, দুই বছর মেয়াদি এলএলএম (মাস্টার্স) প্রোগ্রাম। এ ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে দুই বছর মেয়াদি মাস্টার্স অব হিউম্যান রাইটস ‘ল’ প্রোগ্রাম চালু রয়েছে। যা বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। সম্প্রতি এখানে শিশু অধিকার, নারী অধিকার, কনভেনশন বা টর্চার সংক্রান্ত উত্তরাধিকার, জুডিশিয়াল রিভিউ, সিভিল জাস্টিস সিস্টেম ইত্যাদি বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। একজন সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতে ছাত্রছাত্রীরা যাতে আইনের জটিল বিষয় মোকাবেলা করতে পারে সেজন্য এখানে ‘বার প্র্যাকটিশনারস ট্রেনিং প্রোগ্রাম (বিপিটিসি)’ নামে একটি কোর্স চালু রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাড়ি-৪, রোড-১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩। ফোন :৯৭৫৮৭৩৪-৫, ০১৬১১৩৪৮৩৪৬। এই ইউনিভার্সিটিতে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। আইন বিষয়ের অনেক মূল্যবান গ্রন্থ ও রেফারেন্স বইয়ে লাইব্রেরি পরিপূর্ণ। লাইব্রেরিতে ডিএলআর, বিএলবি, বিএলসি, এমএলআর, বিএলটি, এডিসি ইত্যাদিসহ বাংলাদেশের সকল ‘ল’ জার্নালের আপ টু ডেট কপি রয়েছে। লাইব্রেরি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনে বই বাসায় নিতে পারে। সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের একটি গ্রুপ নেপালের কাঠমণ্ডুতে কাঠমণ্ডু স্কুল অব ল ভিজিট করেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস ওয়াই ফাই হওয়ায় এবং ইন্টারনেট সুবিধা থাকায় শিক্ষার্থীরা বিশেষ সুবিধা ভোগ করে থাকেন। শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার জন্য নিয়মিত বির্তক কর্মশালা, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিতার্কিক দল ক্যামব্রিয়ান এটিএন বাংলা পার্লামেন্ট ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, ঢাকার সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমওইউ স্বাক্ষর করেছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সকে বাধ্যতামূলক করা হয়েছে। বেসিক ইংলিশ, ফাংশনাল ইংলিশ, প্রিলিমিনারি ইংলিশ ও অ্যাডভান্স ইংলিশ কোর্সও বাধ্যতামূলক করা হয়েছে। ঢাকার বারিধারার কাছাকাছি সাঁতারকুলে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। অল্পদিনের মধ্যে সেখানে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু করা হবে।
