মুশফিকের চোট গুরুতর নয়

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:০১

আগামীকাল শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। তিন দিনে শেষ হওয়া চট্টগ্রাম টেস্টের পর ঢাকায় ফিরেই প্রতিদিন অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টের প্রস্তুতি চলাকালীন গতকাল ডানহাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সকালে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিংয়ের সময় এই চোট পান তিনি।

পরে অবশ্য দ্রুত এক্সরে করা হয়েছে। স্বস্তির খবর এক্সরে রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। তবে ব্যথা থাকায় গতকাল আর অনুশীলন করেননি মুশফিক।

বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল জানতে চাইলে মুশফিকের চোট নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘ও একটু আঙুলে ব্যথা পেয়েছে। আমরা একটু আগে এক্সরে করেছি। রিপোর্ট দেখে কোনো চিড় পাইনি। আমার মনে হয় এটা গুরুতর কিছু না। তবে যেহেতু একটা ব্যথা পেয়েছে কাজেই আজ (গতকাল) পুরোপুরি বিশ্রামে থাকবে।’

এদিকে অগ্রজ ক্রিকেটারের চোটের অবস্থা জানাতে গিয়ে মুমিনুল হকও বলেছেন, ভালো আছেন মুশফিক। গতকাল তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ!  ইনশাল্লাহ আমার মনে হয় ভালো আছে। আমি যতটুকু জানি ভেঙে গেলেও সে খেলবে। আমার মনে হয় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভাঙে নাই হয়তো ভালো আছে।’