পাসওয়ার্ড হারিয়ে যাওয়ায়!

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ১৯:৩৪
সময়ের ধারাবাহিকতায় যখন সকল ধরনের পণ্য আর সেবাতেই লাগছে নিত্য নতুন প্রযুক্তির ছোঁয়া, তখন জনগণের সেবক হয়ে থাকা নানা দেশের সরকারগুলোই বা পিছিয়ে থাকবে কেন? মূলত এ ধরনের ভাবনা থেকেই ভারতীয় পুলিশ ও দূর্নীতি দমন এজেন্সির সহায়তায় ২০০৬ সালে দেশটির নাগরিকদের জন্য অনলাইনে দূর্নীতি বিষয়ক অভিযোগ করার সুবিধা চালু হয়েছিল। তাদের এই উদ্যোগে সাড়া দিয়ে নিজেদের অভিযোগগুলোর কথা জানিয়েছিলেন অনেক ভুক্তভোগীও। কিন্তু যাদের কাছে এই অভিযোগ পাঠানো সেই পুলিশ সদস্যরাই যে অভিযোগটি দেখছেন না বা দেখতে পারছেন না সেটা কেউই কল্পনা করতে পারেননি। অথচ বাস্তবে এমনটাই গেল আট বছর ধরে ঘটেছে দিল্লির অফিসারদের ক্ষেত্রে। কম্পিউটারের একটি পাসওয়ার্ড হারিয়ে ফেলায় অথবা ভুলে যাওয়ার কারণে সেই ২০০৬ সাল থেকে কোনো ধরনের অভিযোগই পোর্টালে ঢুকে দেখতে পারেননি সংশ্লিষ্ট অফিসাররা। আর এই দীর্ঘ সময়ে সেখানে উত্তরের অপেক্ষায় জড়ো হয়েছে ছয়শ’রও বেশি ইমেইল। তবে দেরিতে হলেও সম্প্রতি দু’জন সিনিয়র পুলিশ অফিসারকে প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে সিস্টেমটি নিয়ে কাজ করতে শুরু করেছে দিল্লি পুলিশ। ইতোমধ্যে তারা একে একে দেখতে শুরু করেছেন দীর্ঘদিন ধরে জমে থাকা ৬৬৭টি অভিযোগও। এদিকে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা ভারতীয় দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর কাছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিষয়টিকে ‘কারিগরী ত্রুটি’ বলে অভিহিত করেছেন এবং জনগণের বিভিন্ন অভিযোগের প্রতি তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন।