লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে ত্রিপোলিতে হস্তান্তর করেছে নাইজার। তাকে কাস্টডিতে রাখা হয়েছে।
লিবিয়ার সরকার বৃহস্পতিবার একথা জানিয়েছে। সাদির চুল এবং দাড়ি কামানো এবং কয়েদির নীল পোশাক পরা ছবি দেখা গেছে ইন্টারনেটে।
লিবিয়া ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান সাদি গাদ্দাফি ২০১১ সালের বিপ্লবের সময় তার বাবা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর পালিয়ে গিয়েছিলেন।
মুয়াম্মার গাদ্দাফির ৭ ছেলের একজন হচ্ছেন সাদি। বাবার শাসনামলে বিক্ষোভকারীদের হত্যা করা এবং অন্যান্য অপরাধের অভিযোগ আছে তার বিরুদ্ধে।
লিবিয়া সরকার এক বিবৃতিতে বলেছে, “লিবিয়া সরকার আজ সাদি গাদ্দাফিকে পেয়েছে। তিনি ত্রিপোলিতে পৌঁছেছেন”। দুটি নিরাপত্তা সূত্র এ খবর নিশ্চিত করে জানিয়েছে তিনি এখন লিবিয়ার বিচার বিভাগীয় কর্তৃপক্ষের হাতে আছেন।
