গরম থেকে বাঁচতে গাড়িতে গোবর!

আপডেট : ২১ মে ২০১৯, ২২:২৭

পৃথিবীতে তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানুষকে গরমের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। গরম থেকে বাঁচতে অনেকেই অনেক পন্থান অবলম্বন করেন। কিন্তু ভারতের এক গাড়ির মালিক যা করেছেন তা সত্যিই অভিনব। গাড়িতে এসি থাকা সত্ত্বেও তিনি গোবর লেপে বাইরে গাড়ি বের করেছেন। তার গাড়ির এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদে। সাধারণত মাটির বাড়ি ঠান্ডা রাখতে দেয়ালে এবং ফ্লোরে গোবর লেপার প্রচলন আছে গ্রামাঞ্চলে। কিন্তু নিজের গাড়িকে ঠান্ডা রাখতে গোটা গাড়িতে গোবর লেপেছেন এক ব্যক্তি। সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন রূপেশ গৌরাঙ্গ রাও নামের এক ব্যক্তি। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, আমার দেখা গোবরের সবচেয়ে       ভালো ব্যবহার। তিনি জানিয়েছেন, ছবিটি আহমেদাবাদের। ৪৫ ডিগ্রি তাপমাত্রা থেকে বাঁচতে ও গাড়িতে গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করতে মিসেস সেজল শাহ তার গাড়িকে গোবর দিয়ে প্লাস্টার করেছেন। পোস্ট করা দুটি ছবিতে দেখা গেছে, সেডান গাড়িটি সম্পূর্ণ গোবরে লেপা। গত কয়েক বছর ধরে ভারতে গরুর প্রস্রাব এবং গোবরের ব্যবহার নিয়ে নানা গবেষণা চলছে। প্রস্রাবকে বিভিন্ন রোগের পথ্য হিসেবে এবং বাড়ির ফ্লোর পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হচ্ছে। অনেক নেতা দাবি করছেন, প্রস্রাব দিয়ে মোবাইলের ফোনের বিকিরণ রোধ করা যায়। এবার তাপমাত্রা থেকে বাঁচতে গোবরের ব্যবহার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। -ইন্ডিয়ান টাইমস