জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দরবেশ আলী মুন্সী বাড়িতে গতকাল শুক্রবার দুপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ৩ শিশুসহ ৪ জন আহত হয়েছে। এ সময় ৬টি ককটেল উদ্ধার করে পুলিশ। সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মো. সালে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দরবেশ আলী মুন্সী বাড়িতে গতকাল দুপুরে প্রতিদিনের মতো শিশুরা খেলছিল। এ সময় খড়ের গাদার নিচে একটি প্যাকেট দেখলে তা হাতে নেয় শিশুরা। প্যাকেটটি হাতে নিয়ে নড়াচড়া করা অবস্থায় ২-৩টি ককটেল বিস্ফোরণ ঘটলে ৩ শিশুসহ ৪ জন আহত হয়। আহতরা হলো—রিমন (৭), সেফায়েত ইমাম (৫), আশ্রাফুল ইসলাম (৭) ও তাদের চাচা আনিসুল হক (২২)। অবস্থার অবনতি হওয়ায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিমনকে ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
