মণিরামপুরে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর লড়াই

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২২:০০
আগামী ১৫ মার্চ ৩য় পর্যায়ে উপজেলা নির্বাচনে মণিরামপুরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা ছুটছেন গ্রাম থেকে গ্রামান্তরে। অপরদিকে ভোটররা ১জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার পর নতুন করে হিসাব কষতে শুরু করেছেন। নির্বাচনে এখন আ’লীগ, বিএনপি এবং জামায়াত সমর্থিত একক প্রার্থী মাঠে রয়েছেন। এরা হলেন- উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু (আনারস), বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম মশিউর রহমান (মোটরসাইকল) এবং জামায়াত নেতা অ্যাড.গাজী এনামুল হক (কাপ-পিরিচ)। জানা গেছে, গত ২ মার্চ যশোর জেলা আ’লীগের এক সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আ’লীগ তথা মহাজোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুকে চূড়ান্ত করেন। ফলে একই দলের অপর প্রার্থী উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান দলের এক বিশেষ বর্ধিত সভায় আমজাদ হোসেন লাভলুকে আনারস মার্কায় সমর্থন জানিয়ে নির্বাচন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। অপরদিকে, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস,এম মশিউর রহমানকে (মোটরসাইকেল) সমর্থন দিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বিএনপি। বিএনপি-জামায়াত থেকে একজন প্রার্থীর পক্ষে সমর্থন দেয়ার বিষয়ে কয়েক দফা মিটিংয়ে কোন কাজ হয়নি। বিএনপি’র প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মোঃ মুছাও দলীয় সমর্থন না পেয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গত ২ মার্চ দলীয় সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত উপজেলা বিএনপি করতে বর্ধিত সভা করলেও জামায়াত সমর্থিত অ্যাড.গাজী এনামুল হক প্রথম থেকেই প্রচার চালিয়ে যাচ্ছেন।