অস্ট্রেলিয়াকে তাঁতিয়ে দিলেন ক্লার্ক

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:০২

অস্ট্রেলিয়া দলকে আগ্রাসী ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পুরনো অস্ট্রেলিয়াকে দেখতে চান তিনি। এজন্য দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পরামর্শ দিয়ে ক্লার্ক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের দলের মন-মানসিকতার পরিবর্তন ঘটেছে, এটা স্পষ্ট। কিন্তু এভাবে নম্র-ভদ্র থাকলে চলবে না। ক্রিকেট মাঠে অনেক বেশি আগ্রাসী হতে হবে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই শুরু হোক অস্ট্রেলিয়ার পুরনো রূপে ফিরে আসা। তবেই সাফল্য সঙ্গী হবে আমাদের। এমনটাই বলতে চাই দলের সকল খেলোয়াড়দের।’ তিনি আরো বলেন, ‘সবার পছন্দের ভদ্র দল হওয়া লক্ষ্য থেকে বের হয়ে আসতে হবে অস্ট্রেলিয়াকে। কঠোর-আগ্রাসীপূর্ণ ক্রিকেটই খেলুক তারা। কারো ভালো লাগুক আর নাই-লাগুক, এটাই আমাদের রক্তে আছে। আমরা এভাবেই খেলতে পছন্দ করি। আগ্রাসী ভাবই আমাদের ক্রিকেটের প্রথম অস্ত্র।’