বাহরাইন থেকে তিন বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২৩:০৬
বাহরাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া তিন বাংলাদেশির মরদেহ আজ শনিবার দেশে আনা হচ্ছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সন্ধ্যায় মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। বিমানবন্দর থেকে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাহরাইনের রাজধানী মানামার মাখারকা এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ঐ তিন বাংলাদেশি মারা যান। ঐ ভবনে ৫০ থেকে ৬০ জন বাংলাদেশি ভাড়া থাকতেন। মৃতদের মধ্যে মোশাররফ হোসাইন ও আবু জালালের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে এবং দুলালের বাড়ি একই উপজেলার জিয়াপুরে। এছাড়া ঐ অগ্নিকাণ্ডে আরো দুই বাংলাদেশি আহত হন। গত বছর জানুয়ারিতে মানামার ওই এলাকাতেই একটি ভবনে আগুন লেগে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়েছিল।