বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে ও প্রাকৃতিক সম্পদের মাধ্যমে এশিয়ার সঙ্গে বিশাল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বৃহস্পতিবার নয়াদিল্লির আমেরিকান সেন্টারে আয়োজিত ‘যুক্তরাষ্ট্র ও ভারত:আমাদের আগামীদিনের অর্থনৈতিক সুযোগ’ সংক্রান্ত এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ঐ বক্তব্য থেকে এ তথ্য জানা যায়।
নিশা দেশাই বলেন, পাকিস্তান, আফগানিস্তান, মধ্য এশিয়া এবং পূর্বে বাংলাদেশ, মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক সংযোগের ক্ষেত্রে সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র ভীষণভাবে আগ্রহী। কারণ যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে বিশ্বাস করে বৃহত্ অর্থনৈতিক সংযোগ এ অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। এর মাধ্যমে নতুন নতুন বাজার ও সুযোগের সৃষ্টি হবে। যার ফলে বেশিরভাগ দেশে শান্তির জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি হবে।
