সংবাদ কণিকা

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২১:৫৫
লন্ডনে মুসলিম সমাজেও বৈষম্য লন্ডনে এশীয় মুসলিমদের হাতে কৃষ্ণাঙ্গ মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে বলছে একটি বেসরকারি সংস্থা। সালাম প্রজেক্ট নামের ঐ সংস্থাটি এ ব্যাপারে কৃষ্ণাঙ্গ মুসলিমদের আইনি সহায়তা দিয়ে থাকে। সংস্থাটি বলছে, এশিয়ান আর কৃষ্ণাঙ্গ পরিবারগুলোর মধ্যে যেখানে বিবাহবন্ধনের মাধ্যমে পারিবারিক সম্পর্ক তৈরি হচ্ছে, সেখানে কৃষ্ণাঙ্গরা এশিয়ান পরিবারগুলোর মধ্যেই বেশি বর্ণ-বৈষম্যের শিকার হচ্ছেন। সংস্থাটি এরকম বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে এ ধরনের অভিযোগও পেয়েছে। —বিবিসি আবারও বাবা হলেন কারজাই আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তৃতীয়বারের মতো বাবা হয়েছেন। তার স্ত্রী ভারতে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। ৫৬ বছর বয়সে তিনি পুনরায় পিতা হলেন। দিল্লির কাছে স্যাটেলাইট শহর গারগাওনের একটি বেসরকারি হাসপাতালে কারজাইয়ের ৪৪ বছর বয়সী স্ত্রী একটি কন্যাশিশুর জন্ম দিয়েছেন। কারজাই শ্রীলঙ্কার উদ্দেশে দু’দিনের সফরের মাঝে সংক্ষিপ্ত সময়ের জন্য ওই শহরে গেছেন স্ত্রী ও নবজাতককে দেখার জন্য। কারজাইয়ের আগের দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে আফগানিস্তানেই জন্মগ্রহণ করেছে। —রয়টার্স চালক ছাড়াই চলবে গাড়ি গাড়ির বিলাসিতা ভোগ করতে চান কিন্তু নিজে চালাতে চান না- এমন যারা ইচ্ছা পোষণ করেন তাদের হয়তো খুব বেশিদিন আর অপেক্ষা করতে হবে না। সুইজারল্যান্ডের জেনেভায় মোটর শোতে এমনই একটি স্বয়ংক্রিয় গাড়ি প্রদর্শন করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া দশদিনব্যাপী মোটর শোতে এক্সচেঞ্জ নামের ওই স্বয়ংক্রিয় গাড়িটির ধারণা তুলে ধরেছে সুইস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রিনস্পিড। তবে কেউ যদি ইচ্ছা করে,তবে এক্সচেঞ্জ করে তার ড্রাইভিং করারও সুযোগ থাকছে। —বিবিসি