প্রজন্ম আয়োজন

রংতুলিতে পরিবর্তনের স্বপ্ন

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২০:১১
শিল্পচর্চার সবচেয়ে মুখ্য বিষয় মানুষ। মানুষের গতিপ্রকৃতি জীবন প্রণালির ধরন থেকে শুরু করে মানুষের সকল পরিবর্তন উঠে আসে শিল্পকর্মে। সামাজিক রাজনৈতিক নানা অবস্থানে মানুষের রূপগুলো এবার নিজের চিত্রকর্মে ফুটিয়ে তুলেছেন প্রজন্মের মেধাবী চিত্রশিল্পী রা কাজল। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে শিল্পীর একক চিত্রকর্ম প্রদর্শনী ‘কন্সস্পিচুয়াল’। এ নিয়ে আমাদের এবারের আয়োজন শিল্পীর ৩৫তম একক চিত্রকর্ম প্রদর্শনীটি সব মিলিয়ে ৪৫টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। প্রদর্শনীটিতে স্থান পাওয়া চিত্রকর্মে বিচিত্র আঙ্গিকে উপস্থাপিত হয়েছে মানুষের অবয়ব। পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কও তুলে ধরেছেন শিল্পী তার তুলির আঁচড়ে। আঁকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন পেপার ফোল্ডিং। এর সঙ্গে সংমিশ্রণ করেছেন ক্রেয়ন ও জলরং। গত সোমবার সন্ধ্যায় ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হওয়া শিল্পী রা কাজলের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘কন্সস্পিচুয়াল’। শিল্পী রা কাজলের জন্ম ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মশাখালী গ্রামে। ছেলেবেলায় প্রকৃতি থেকে ছবি আঁকার প্রেরণা পেতেন তিনি। ডেনমার্কে পাড়ি জমিয়েছেন দীর্ঘ ২৭ বছর আগে। শিল্পী ড্যানিস-বাংলাদেশি পেন্টার হিসেবে খ্যাতি অর্জন করেছেন ডেনমার্কে। তিনি তার প্রথম প্রদর্শনীটি করেন বাংলাদেশে। প্রতিবছর আসেন দেশে। তার চিত্রকর্মে ফুটে উঠেছে মানুষের অবয়ব। বসন্তের বিকেলে ১৩ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রয়েল ডেনিশ দূতাবাসের রাষ্ট্রদূত হেনে ফুল এক্সেআর। আর প্রদর্শনীতে ঠাঁইপ্রাপ্ত চিত্রকর্মের ওপর আলোচনা করেন প্রখ্যাত চিত্র সমালোচক সামসুল ওয়ারেস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীশান কিংশুক হক। প্রদর্শনী সম্পর্কে সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন গ্যালারির পরিচালক রুমী নোমান। প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত।