মিডিয়া ম্যানেজার

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২০:১২
নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া, নানা প্ল্যানিং করা ও তা বাস্তবায়নের জন্য কাজ করা, পণ্যসমূহ জনগণের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করাই মিডিয়া ম্যানেজারের কাজ। এই পেশা সম্পর্কে প্রজন্মকে পরামর্শ দিলেন দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি অটবির মিডিয়া ম্যানেজার আতিকুর রহমান যেকোনো কোম্পানির মার্কেটিং প্ল্যানিং, বিজ্ঞাপনের মাধ্যমে কোম্পানির প্রচার, বিভিন্ন মিডিয়াতে কোম্পানির বিজ্ঞাপন দেওয়া, প্রতিদ্বন্দ্বীরা কী কী করছে তার খবর রাখা, কোম্পানিকে অন্য কোম্পানির সামনে উপস্থাপন করাসহ নানা কাজ করতে হয় একজন মিডিয়া ম্যানেজারকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই পেশায় কোম্পানির ডিসিশন মেকিংয়ের দায়িত্ব পালন করতে হয় যা নিজের মধ্যে ভালোলাগা বোধ জাগায়। এই পেশায় ভালো করতে হলে যেটি আবশ্যক সেটি হলো, কঠোর পরিশ্রম করতে হবে। দায়িত্বশীলতা, ধৈর্য, কনফিডেন্স, নিষ্ঠা ও সততার সাথে কাজ করলে এই পেশায় সাফল্য সুনিশ্চিত। তবে কেবলমাত্র এই পেশা সম্পর্কে বলতে বললে বলা যায় যে, অবশ্যই অন্যদের থেকে একটু ভিন্নভাবে ও দ্রুত কোনো কিছু ভাবার যোগ্যতা থাকতে হবে। এই পেশায় ভালো করতে হলে সবসময় চোখ-কান খোলা রাখা খুবই জরুরি, আপডেট থাকতে হবে, মানুষজনের সাথে মেশার ক্ষমতা থাকতে হবে, অর্পিত দায়িত্ব সত্ভাবে, পরিশ্রম করে, আন্তরিকতার সাথে করতে হবে তবেই এই পেশায় নতুন প্রজন্ম সাফল্য অর্জন করতে সক্ষম হবে।