কিশোরগঞ্জে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২০:৩১
প্রেমিকার বাড়ি থেকে কথিত প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ রবিবার সকালে বগাদিয়া গ্রামে প্রেমিকার চাচাত ভাই একই বাড়ির মিলনের ঘর থেকে প্রেমিক ইউসুফের (২২) লাশ উদ্ধার করে। নিহত ইউসুফ পার্শ্ববর্তী নগুয়া বটতলা গ্রামের নূরুল ইসলামের পুত্র। পুলিশ প্রেমিকা শাহানা (১৫) ও তার চাচী হাজেরা আক্তারকে (৬০) আটক করেছে। ইউসুফের সঙ্গে শাহানার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ইদানীং সম্পর্কে ফাটল ধরে। শাহানার চাচাত ভাই মিলন শনিবার রাতে ইউসুফকে নিজ বাড়িতে ডেকে আনে। পরে শাহানাকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সে এতে অসম্মতি জানালে মিলন ও শাহানার বাড়ির লোকজন ইউসুফের হাত-পা বেঁধে তাকে সারারাত বেদম প্রহার করে। ভোরে ইউসুফের মা মনোয়ারা বেগম তাকে দেখতে আসলে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফ তাকে ছাড়িয়ে নেয়ার জন্য কান্নাকাটি শুরু করে। কিছুক্ষণ পর ইউসুফের বাড়ির লোকজন জানতে পারে তার লাশ মিলনের ঘরে গলায় ওড়না বাঁধা অবস্থায় ধর্ণার সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শাহানা ও তার চাচার পরিবারের সবাই পলাতক।