নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীর পশ্চিম তীর দখল করে গড়ে তোলা আল মোস্তফা গ্রুপের একটি ৪ তলা ভবন ও একটি দোতলা ভবন গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এদিকে দোতলা বাজারের ১৫টি দোকান উচ্ছেদের সময় অবৈধ দখলদাররা হামলার চেষ্টা চালালেও পুলিশ ও আনসারদের কারণে সে চেষ্টা পণ্ড হয়ে যায়। পরে ম্যাজিস্ট্রেট তাদেরকে মালামাল সরিয়ে নিতে সময় বেঁধে দেন। ইউনিক গ্রুপের দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়ে ভরাটকৃত অংশ অবমুক্ত করা হয়। এছাড়া নদী দখল করে ডকইয়ার্ড সমপ্রসারণ করায় ইউরো মেরিন শিপ বিল্ডার্স নামের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।
উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী ও উপ- পরিচালক মো. শহীদুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে দুটি ভেক্যু, দুটি উদ্ধারকারী জাহাজ, একটি টাগবোট, বিপুলসংখ্যক উচ্ছেদ কর্মী, পুলিশ ও আনসার সদস্য, বিআইডব্লিউটিএর কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, মেঘনা নদীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৬ দিনব্যাপী অভিযান পরিচালিত হবে। মঙ্গলবার দ্বিতীয় দিনের অভিযানে আল মোস্তফা গ্রুপের ৪ তলা বহুতল ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। এসময় দোতলা বাজারের ১০টি দোকান, ইউনিক গ্রুপের দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
এছাড়া নদী দখল করে ডকইয়ার্ড সমপ্রসারণ করায় ইউরো মেরিন শিপ বিল্ডার্স নামের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সোমবার মেঘনা নদী তীরবর্তী মুন্সিগঞ্জের গজারিয়া থানার চরবেতাকি এলাকায় খান ব্রাদার্সের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের ৬শ ফুট প্রশস্ত সীমানা প্রাচীরসহ দুইটি বালু ভরাট কাজের ড্রেজার ভাঙচুর করা হয়। একই সঙ্গে সোনারগাঁয়ের হোসেনদি বলাকিরচর এলাকায় নদী ভরাট করে বালু রাখা অংশ ভেক্যু দিয়ে খনন করে নদী দখল মুক্ত করা হয়। এছাড়া মেঘনা লঞ্চঘাট এলাকায় নদীর তীরে ৩শ ফুট লম্বা ও ২শ ফুট প্রশস্ত জায়গা দখল করে অবৈধভাবে রাখা বালু, পাথর, টিন, বিভিন্ন নির্মাণসামগ্রী ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এসব জব্দকৃত মালামাল নিলামে তুলে ৫ লাখ ৫২ হাজার টাকায় বিক্রি করে দেয়।
